আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সিইসি।
এএমএম নাসির উদ্দিন বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবেই। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।”
তিনি আরও বলেন, “নির্বাচন পর্যন্ত আমাদের প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না। জাতীয় নির্বাচনের সফল আয়োজনই আমাদের প্রধান দায়িত্ব ও অঙ্গীকার।”