পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, অথচ বাস্তবে বিএনপিই সবার আগে সংস্কারের দাবি তুলেছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম।”
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, “পরিকল্পিতভাবে এমন প্রচারণা চালানো হচ্ছে যেন মনে হয় বিএনপি সংস্কার চায় না। অথচ আমরা শুরু থেকেই বলছি—রাষ্ট্র ও অর্থনৈতিক কাঠামোর সংস্কার অপরিহার্য। বিএনপি সবসময় পরিবর্তন ও আধুনিকায়নের পক্ষে।”
প্রযুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নতুন প্রজন্মের তুলনায় আমাদের জেনারেশন প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু আমাদের নেতাকর্মীদের এখন ডিজিটাল জগতে সক্রিয় হতে হবে, কারণ বর্তমান যুদ্ধটা হচ্ছে সাইবার দুনিয়ায়।”
তিনি আরও বলেন, “ধরুন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। কিন্তু আমরা তার পোস্টে খুব কম লাইক বা কমেন্ট করি। এটা বদলাতে হবে। নেতার বক্তব্যকে সমর্থন জানিয়ে এগিয়ে নেওয়া এখন সময়ের দাবি।”
ফখরুল বলেন, “কতটা জনসভা করলাম বা বক্তৃতা দিলাম—এটা এখন মুখ্য নয়। অনলাইন প্ল্যাটফর্মেই জনগণের সঙ্গে যোগাযোগ তৈরি করতে হবে। বিএনপি এই পরিবর্তনমুখী প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে চায় এবং দিতে প্রস্তুত।”