বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার পর সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে তার আরও কিছু মন্তব্য তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এসব বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
এরই ধারাবাহিকতায় বিসিবি পরিচালক নাজমুল ইসলাম আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের আলটিমেটাম দিয়েছে কোয়াব। বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ও জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ মিঠুন এ ঘোষণা দেন।
মিঠুন বলেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন বোর্ড পরিচালক হিসেবে তার ভাষা ও আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তিনি স্পষ্ট করে বলেন, আগামীকাল ম্যাচের আগে যদি নাজমুল ইসলাম পদত্যাগ না করেন, তাহলে কোয়াব সব ধরনের ক্রিকেট বয়কট করবে।
তামিম ইকবালের প্রসঙ্গ টেনে কোয়াব সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে একজন ক্রিকেটারকে নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তার রেশ কাটতে না কাটতেই এখন পুরো ক্রিকেটার সমাজকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। এ ধরনের শব্দ ও বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং তা ক্রিকেটারদের মর্যাদায় আঘাত করেছে।
মিঠুন আরও বলেন, নাজমুল ইসলামের ব্যবহৃত ভাষা শুধু ব্যক্তি ক্রিকেটারদের নয়, পুরো ক্রিকেটাঙ্গনকেই আহত করেছে। একজন পরিচালক হিসেবে শালীনতা বজায় রাখা তার দায়িত্ব ছিল, কিন্তু সেই জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন। প্রথম বিভাগসহ বিভিন্ন ক্রিকেট ইস্যুতে ক্রিকেটারদের যে প্রত্যাশা ছিল, সেটারও কোনো সন্তোষজনক সমাধান হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
নাজমুল ইসলামের পদত্যাগের দাবিকে ঘিরে ক্রিকেটাঙ্গনে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। কোয়াবের এই কঠোর অবস্থান বাংলাদেশের ক্রিকেটে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।