জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আজ রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ থেকে রাজনৈতিক দলটি ঘোষণা করবে “নতুন বাংলাদেশের ইশতেহার”। এই সমাবেশকে কেন্দ্র করে দেশবাসীর উদ্দেশে শনিবার রাতে একাধিক ভিডিও বার্তা দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একত্রে বক্তব্য দেন। এ ছাড়া সদস্যসচিব আখতার হোসেনও আলাদাভাবে একটি ভিডিও বার্তা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “২০২৪ সালের ৩ আগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। তবে যেই নতুন রাষ্ট্র গঠনের প্রত্যাশা ও প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা এখনো সম্পন্ন হয়নি। সে যাত্রা এখনো চলমান।”
সারজিস আলম বলেন, “গত জুলাই মাসে আমরা ৬৪টি জেলায় গিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষা শুনেছি। জনগণের অভিমত ও আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশের ইশতেহার সাজিয়েছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধানকে সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠনের এই উদ্যোগ নিয়েছি।”
নাহিদ ইসলাম বলেন, “জুলাই কখনো সমাপ্তি ছিল না। এটি ছিল শুরু—সম্ভাবনার, আকাঙ্ক্ষার। গত এক বছরে সীমাবদ্ধতা থাকলেও ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আগামীকাল শহীদ মিনারে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি ও নতুন রাষ্ট্রকাঠামোর পরিকল্পনা আমরা দেশবাসীর সামনে উপস্থাপন করব।”
তিনি আরও বলেন, “আমরা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার জায়গা থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন সংকটের সমাধান কী হতে পারে, সে উপকল্প তুলে ধরব। ৩ আগস্টের সেই এক দফা ঘোষণার বর্ষপূর্তি স্মরণ করে আমরা আপনাদের আহ্বান জানাই—ঢাকায় আসুন, শহীদ মিনারে যোগ দিন, আমাদের সঙ্গে থাকুন।”
অন্যদিকে, সদস্যসচিব আখতার হোসেন তাঁর ভিডিও বার্তায় বলেন, “৩ আগস্টের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। এনসিপির সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষকে সমাবেশে যোগ দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাই।”