২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, “সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে শিগগিরই বিচার কার্যক্রম শুরু হবে। প্রয়োজনে ৩য় ট্রাইব্যুনালও গঠন করা হবে।” তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোতে বিচারক, প্রসিকিউশন ও তদন্ত টিম আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
ড. আসিফ নজরুল বলেন, “দেশের ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা এবং হাজারও মানুষকে পঙ্গু করার যে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তার বিচার অপরিহার্য। সেই প্রক্রিয়ার শুরু থেকেই আমরা অবিচল আছি।”
তিনি আরও জানান, বর্তমানে বিচার প্রক্রিয়ার গতি সন্তোষজনক।
এসময় আইন উপদেষ্টার সঙ্গে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।