অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে হবে। বুধবার (২৭ আগস্ট) সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আপিল শুনানির দিন ধার্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই রায় ক্যান্সারের মতো, যা বাতিল হওয়া দরকার। রায় বাতিলের কারণেই দেশে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন দুর্বল হয়েছে বলে দাবি করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল জানান, আগামী ২১ অক্টোবর আপিল শুনানিতে তারা আদালতের কাছে প্রার্থনা জানাবেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় বাতিল করে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করার জন্য। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রায় লেখা থেকে স্বাক্ষর পর্যন্ত তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন এবং বিষয়টি আদালতের নজরে আনা হবে।
সর্বোচ্চ আদালত বুধবার বিএনপি, জামায়াত, পাঁচ বিশিষ্ট নাগরিকসহ কয়েকটি পক্ষের করা আবেদন শুনানি শেষে আপিল শুনানির অনুমতি (লিভ গ্রান্ট) মঞ্জুর করে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ ২১ অক্টোবর দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। তবে ২০১১ সালে সুপ্রিম কোর্ট এটি অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়। একই বছর পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হয়। এরপর থেকেই এ নিয়ে আইনি লড়াই চলছে।