জুলাই ঘোষণাপত্র ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণ নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৫ আগস্ট) রাতেই সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু এবং অন্তর্বর্তী সরকারের রূপরেখা, বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, তা নিয়ে দলের বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, “জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। আমরা নির্বাচন নিয়ে তার ঘোষণাকে স্বাগত জানাই।”
তিনি আরও জানান, দেশের বর্তমান সংকট নিরসনে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনই একমাত্র সমাধান। বিএনপি সেই লক্ষ্যে রাজপথে ও কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে।