বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, পুরো আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনায় আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এ তথ্য জানান। তিনি আরও বলেন, এ উপলক্ষে আজ দুপুরেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সরকারের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন দিক চূড়ান্ত করা হবে।
এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।