রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ক্যাম্পাসের পাশের একটি বাগানে কিছু লোক অবস্থান করছে। ভিডিওটি প্রকাশ করে দাবি করা হয়—তারা নাকি জামায়াত-শিবিরের কর্মী, যারা অস্ত্র বিতরণ করছে। কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) একে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এক সরকারি বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, “আড্ডা ও খাবার খাওয়ার একটি সাধারণ ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্ত্র বিতরণের ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে।” পুলিশ জানায়, ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা প্রথমে তার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দেন—‘জামায়াত-শিবিরের লোকজন অস্ত্র বিতরণ করছে।’ এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজেও একইভাবে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভিডিওটি অস্পষ্ট এবং দূর থেকে ধারণ করা। এতে দেখা যায় কিছু লোক বাগানের ভেতর দাঁড়িয়ে কথা বলছে ও খাওয়াদাওয়া করছে। পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা কাছাকাছিই অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে এত প্রকাশ্য স্থানে অস্ত্র বিতরণের প্রশ্নই আসে না।”
আরএমপি আরও জানায়, “কিছু মহল ইচ্ছাকৃতভাবে উৎসুক লোকজনের আড্ডাকে ‘অস্ত্র বিতরণ’ বলে গুজব ছড়াচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে। এই ধরনের গুজব রটানো, শেয়ার করা বা সমর্থন জানানো ফৌজদারি অপরাধের শামিল।”
বিজ্ঞপ্তিতে নাগরিকদের সতর্ক করে বলা হয়, “মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বা গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।