বাংলাদেশের ব্যাংকিং খাতে জমে থাকা খেলাপি ঋণের সংকট গুরুতর আকার ধারণ করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, এ অবস্থার পুরোপুরি সমাধান করতে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫–এর উদ্বোধনী অধিবেশনে গভর্নর বলেন, বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি খেলাপি হয়ে আছে। দীর্ঘদিনের এই সংকট আর্থিক খাতের স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলছে।
তিনি জানান, প্রতি প্রান্তিকে নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে খেলাপি ঋণের হার আরও বৃদ্ধি পাচ্ছে। সরকার দুই বছর আগে হার ৮ শতাংশ দাবি করলেও বাস্তবে তা এখন ৩৫ শতাংশ ছাড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের বড় সংকট থেকে রাতারাতি উত্তরণ সম্ভব নয় বলেও সতর্ক করেন গভর্নর।
রমজানকে সামনে রেখে ডলার সংকট বিষয়ে উদ্বেগ নেই জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুত রয়েছে এবং আগের বছরের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি এলসি খোলা হয়েছে।
এছাড়া ইসলামী ধারার ৫টি ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি।
সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে ওপেন ইকোনমি ধারার পথচলা শুরু করেন জিয়াউর রহমান এবং ক্ষমতায় এসে বিএনপি সবসময় অর্থনীতি সচল রাখতে সচেষ্ট ছিল। তিনি লুটপাটে জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব সৃষ্টি থেকে বিরত থাকার পরামর্শ দেন। রাজনৈতিক ও অর্থনৈতিক পথরেখা সমানভাবে স্থিতিশীল করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।