ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের তিন দিন ব্যাপি ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোষ্টার প্রদর্শনী এবং কিউব প্রদর্শনী করা হয়। মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরী করা হয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সকল অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
আয়োজকরা জানান, আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।
এ সময় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নিশ্চয়ই বিজ্ঞান মেলা একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ যদি ছাত্র সংগঠনগুলো নেয় তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এরকম উদ্যোগ নিলে প্রশাসনের সহযোগিতা থাকবে।