২০ সেপ্টেম্বর (শনিবার) রাতে যৌথবাহিনীর অভিযানে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রাত আনুমানিক ১১টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘোষবাগ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মো. জয় (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত শাহাজুদ্দি (৪০) ও তার মা রোমিজা খাতুনের (৬০) নাম প্রকাশ করে।
স্থানীয়দের অভিযোগ, রোমিজা খাতুন এলাকায় অন্যতম ইয়াবা ব্যবসায়ী। নারী হওয়ায় তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন।
এরপর আর্মি ক্যাম্প থেকে আরেকটি টহল দল পুলিশ ও বিজিবির সহযোগিতায় ঘোষবাগ এলাকায় শাহাজুদ্দি ও রোমিজার বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের আটক করে আরও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একই দিন প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রির কথা স্বীকার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির (১৮)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে তার সহযোগী আলফাজ (২০)-কেও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে যৌথবাহিনী।
উদ্ধারকৃত মালামাল
৪৪ পিস ইয়াবা ট্যাবলেট
৩০০ গ্রাম গাঁজা
নগদ ১৪,১২০ টাকা (ইয়াবা ব্যবসার লেনদেন)
১০টি মোবাইল ফোন (মাদক ব্যবসায় ব্যবহৃত)
আটককৃত ব্যক্তিরা
১। মো. জয় (৩০), ঘোষবাগ, আশুলিয়া
২। মো. শাহাজুদ্দি (৪০), ঘোষবাগ, আশুলিয়া
৩। রোমিজা খাতুন (৬০), ঘোষবাগ, আশুলিয়া
৪। সাব্বির (১৮), নিশ্চিন্তপুর, আশুলিয়া
৫। আলফাজ (২০), নিশ্চিন্তপুর, আশুলিয়া
আটককৃতরা এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।