আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার সকালে পলাশবাড়ী ভূমি অফিসের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীরা জানান, ২০১৩ সালে জমি ক্রয় করে কয়েকটি পরিবার সেখানে বসবাস শুরু করেন। শুরু থেকেই তারা সরকারি সড়কে যাতায়াতের জন্য ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন। তবে সম্প্রতি জমির বিক্রেতা মাবিয়া ও তার স্বামী হযরত মিয়া ওই রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়। এতে পরিবারগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানান।