কুমিল্লার লাকসামে এক কৃষকের মাঠের আধাপাকা ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পলকোট গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগীর কৃষক মো. শহীদ উল্লাহ এই ঘটনায় লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশেপাশের জমিতে আধাপাকা ধান থাকলেও ওই কৃষকের জমি ধানশূন্য। এ সময় ভুক্তভোগী কৃষক মো. শহীদ উল্লাহ কান্নাজড়িত কণ্ঠে জানান, দীর্ঘ বছর ধরে তিনি ওই জমিতে ধান চাষ করে আসছেন। জমি চাষ, রোপণ, সেচ ও সার দেয়াসহ সবকিছু শেষ করে তিনি ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই সময় তার বড় ভাই আব্দুল লতিফ এবং তার ছেলেরাসহ ৮-১০ জন লোক জোরপূর্বক তাঁর জমির আধাপাকা ধান কেটে নিয়ে যান। এ সময় তিনি বাধা দিলে তারা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি প্রাণভয়ে ফিরে আসেন।
এলাকার একাধিক ব্যক্তি জানান, ওই জমির দাগ নম্বর নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শহীদ উল্লাহ এই জমিটি ক্রয় করে দীর্ঘদিন চাষাবাদ করছেন। আর আব্দুল লতিফ পাশের আরেকটি জমি চাষাবাদ করেন। কিন্তু এবার আবদুল লতিফ ছোটভাই শহীদের জমির ধানসহ দু’টি জমির ধান কেটে নিয়ে গেছেন। এটি কাজটি তিনি কোনোভাবেই ঠিক করেন নাই।
এলাকাবাসী আরো জানান, বিরোদীয় ওই জমি নিয়ে স্থানীয়ভাবে এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় অনেকবার মীমাংসার চেষ্টা করা হয়েছে। একাধিক সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি।
এই ব্যাপারে জানতে বড় ভাই আব্দুল লতিফের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বৌ-ছেলেদের নিয়ে তিনি ধান মাড়াই করছেন। ধান কাটার বিষয়ে তিনি স্বীকার করে বলেন, আমি শহীদকে জমিটি বন্ধক দিয়েছিলাম। এখন আর দিব না। তাই আমার ধান আমি কেটে নিয়ে এসেছি।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, ধান কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।