মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের চারটি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই চারটি রুট হলো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম।
সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চারটি রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আগামী ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ফ্লাইটগুলো পরবর্তীতে পুনরায় চালু করা হবে।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের প্রয়োজনীয় হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। যাত্রীরা কলসেন্টার নম্বর ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)-এ যোগাযোগ করে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে পারবেন।