অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণের পর জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ভাষণে উত্থাপিত বিষয়গুলো বিশ্লেষণ ও দলীয় অবস্থান নির্ধারণের জন্য এ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের গণভোট আগামী জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে জাতীয় সংসদের নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে।
প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতারা নিজেদের করণীয়, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে আলোচনায় বসছেন।