গণভোটের দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশের পাশাপাশি আগামী অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় গণ-অভ্যুত্থান হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নৈরাজ্যের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকার গণভোটে জনগণের দেওয়া রায়কে অস্বীকার করে ন্যক্কারজনক কাজ করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করেছে।
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ দায়িত্ব দিয়েছিল সরকার বা রাজনৈতিক দল যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়। কিন্তু সরকার সংসদে ক্ষমতার জোরে দুই-তৃতীয়াংশ মেজরিটি দাবি করে এখন সংবিধান সংশোধনের কথা বলছে, যা তারা মেনে নিতে পারেন না। তিনি এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণভোটের গণরায় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।
হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকার জনগণের দুর্ভোগ উপেক্ষা করে একচেটিয়া দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গঠন এবং রাজপথে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ঘোষিত বিভাগীয় কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ মে রাজশাহী বিভাগ, ১১ জুলাই রংপুর বিভাগ, ১৩ জুলাই চট্টগ্রাম বিভাগ, ১৮ জুলাই বরিশাল বিভাগ, ২৫ জুলাই রংপুর বিভাগ এবং ২৭ জুলাই ময়মনসিংহ বিভাগে বিভাগীয় সমাবেশ। এছাড়া আগামী অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।