ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, সরকার এমন একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে ন্যায়বিচার থেকে কোনো নাগরিক বঞ্চিত থাকবে না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, যারা আর্থিকভাবে সামর্থবান নন, তাদের জন্য সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, ন্যায়বিচারের কথা শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি যেন প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে ওঠে।
বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিকভাবে প্রয়োগ না হয়ে তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারে রূপ নেয়। তিনি উল্লেখ করেন, ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্রের প্রত্যেক নাগরিক যেন এই অধিকার চর্চা করতে পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রয়োজনীয় লিগ্যাল এইড প্রদান করবে।
এ ছাড়া মামলার জট কমাতে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা বিবেচনায় রেখে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।