প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রী এবং দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার বিকেলে (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ-জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের যৌথ উদ্যোগ আরও কার্যকর করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।