বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইলে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে তিনি টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান।
প্রধানমন্ত্রী প্রথমেই কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। ভাষণ শেষে পৌর উদ্যানে আয়োজিত কৃষিমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুরের পর প্রধানমন্ত্রী মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে।
কৃষক কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা শহরকে সাজানো হয়েছে নতুন রূপে। বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তিনি।