ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন—মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মন্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচার। তারা নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে দুই শিশুসহ ৯ বাংলাদেশি বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্তপথে ভারতে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও ক্ষেত-খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, দেশে ফেরত আসাদের প্রথমে তাদের শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্টরা জানান, কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার কারণে অনেক বাংলাদেশি ভারতে গিয়ে বিভিন্ন আইনি জটিলতায় পড়ছেন। তাই বিদেশে কাজের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথে যাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।