ইতালিতে বাঁধনের ওপর হামলা গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯
ইতালিতে বাঁধনের ওপর হামলা গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, ঘটনাটি নিয়ে রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে।


মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ওঠা আলোচনার জবাবে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।


জবাবে হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপরও আঘাত।


ঘটনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে হাঁটার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বাঁধনের ওপর হামলা চালিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইতালির পুলিশকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং বাঁধন যাতে প্রয়োজনীয় সহযোগিতা পান, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশও ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে।


হুমায়ুন কবির জানান, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাঁকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তাও দেওয়া হচ্ছে।


অভিনেত্রী বাঁধন ইতালির পুলিশের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও আনুষ্ঠানিক অভিযোগ করবেন বলে সংসদকে জানান প্রতিমন্ত্রী। এরপর বাংলাদেশ দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে।


তিনি বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না।


এর আগে সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। তিনি বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার কথা জানা গেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চান তিনি।


জহরত আদিবের বক্তব্যের সময় সংসদকক্ষে পররাষ্ট্রমন্ত্রী বা দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কেউ উপস্থিত ছিলেন না।


পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল ঘটনাটিকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, এতে মানবতার বিরুদ্ধে অপরাধ ও নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা সংসদে এলে তাঁদের বক্তব্য শোনার কথাও জানান তিনি।


এরপর এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বিষয়টি নিয়ে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাঁধনের ওপর হামলা করেছেন। তাঁর দাবি, বাঁধন জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন—হামলাকারীরা সেটিকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ হিসেবে তুলে ধরেছেন।


আখতার হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিতে গেলেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ কী, তা জানতে চান তিনি।


পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের নেওয়া পদক্ষেপ সংসদকে অবহিত করেন। আলোচনা শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ ও অগ্রগতি ভবিষ্যতে সংসদকে জানানোর জন্য নির্দেশনা দেন।


সংসদে বক্তব্যের শেষ পর্যায়ে হুমায়ুন কবির বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ শিগগিরই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে। তাঁর দাবি, বাংলাদেশের কৌশলগত পররাষ্ট্রনীতি বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে এবং দেশটি নিজস্ব স্বার্থ ও সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য