ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফলে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনাও থাকছে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও তাঁর বক্তব্য প্রকাশ করা হয়।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। তবে সেটি ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার সফর নয়; দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সফর হিসেবে হবে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে বেশ কিছুদিন ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল। আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় ভারত। এরপর তাঁর সম্ভাব্য দিল্লি সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা শুরু হলেও সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
এদিকে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। ওই ঘটনার পর বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয় বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
এর মধ্যেই তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলতে থাকে। তবে গত কয়েক দিনে এ সফরের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই কম।