স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সরকারি কার্যালয় হিসেবে তিনি বঙ্গভবন থেকেই অফিস পরিচালনা করবেন। তবে আবাসিকভাবে তিনি সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।
এর আগে শুক্রবার বিকেল থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশে রাষ্ট্রপতির নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।