জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধীদলগুলোকেও সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান সময়ে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সরকারের সৃষ্টি নয়। এর পেছনে আগের সরকারের সময়ের নানা সিদ্ধান্ত ও অব্যবস্থাপনা দায়ী বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পাশের একটি বিশেষ দেশকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন কিংবা নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমান জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
তিনি বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে অতীতেও বিএনপি দেশকে বিভিন্ন বিপর্যয় থেকে টেনে তুলেছে। বর্তমানেও দেশের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তারেক রহমান আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিরোধীদলকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় সরকার। সংসদকে ঘিরে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে তিনি সবাইকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।