১০ হাজার কর্মী নেবে ওমান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯
১০ হাজার কর্মী নেবে ওমান


বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষিশ্রমিক এবং ৫ হাজার মৎস্যশ্রমিক নেওয়া হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও হয়েছে।

তিনি জানান, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। আমরা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদেশিরা নিয়মিত যেতে পারেন, সে বিষয়ে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর জোর দিচ্ছে। বিষয়টি ওমান সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যেন ওমানে যেতে পারেন এবং বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সে বিষয়ে দুই দেশ কাজ করছে। এ বিষয়ে ওমান সরকারেরও আগ্রহ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টিও ছিল।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য