1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী উলিপুরের বাইপাসের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন  পুঁজিবাজারকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে সীমানা বিরোধের অবসান একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয় সম্বলিত ১০টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দেশের ৩৩টি জেলার সার্কিট হাউসে লিফট সংযোজন, শিশু হাসপাতাল সম্প্রসারণ, ক্যান্সার সেন্টার নির্মাণ, সড়ক উন্নয়ন এবং বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালীকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ।

মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত ১০টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে পাঁচটি, সংশোধিত প্রকল্প তিনটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দুটি প্রকল্পের।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’, ভূমি মন্ত্রণালয়ের ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ’ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁওয়ে লিফট সংযোজন’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ প্রকল্প এবং দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন’ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সভায় আরও জানানো হয়, পরিকল্পনামন্ত্রীর পূর্ব অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত ছয়টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসন, ডাকসেবা সম্প্রসারণ, সামরিক অবকাঠামো উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি এবং খুলনায় কৃষি কলেজ স্থাপন প্রকল্প।

সরকারের মতে, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park