নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক-এর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক তরুণদের জন্য কোনো বিনা সুদের ঋণ প্রকল্প পরিচালনা করছে না। তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনরর্থায়ন স্কিম পরিচালনা করে আসছে।
তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের সহায়তায় পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে।
অর্থমন্ত্রী আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে ‘স্টার্ট আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার আরও একটি পুনরর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ঋণের পাশাপাশি ইক্যুইটি সহায়তার সুযোগও রাখা হয়েছে, যা নতুন উদ্ভাবনী ব্যবসা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করবে।
সরকারের এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে আর্থিক বাধা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।