অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়া হচ্ছে—এমন খবরকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অনার্স পর্যায় থেকে কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং সময়ের চাহিদা ও কর্মক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় নতুন কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।
তিনি আরও জানান, মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়েও একনেক সভায় আলোচনা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ অনার্স পর্যায় থেকে বাদ দেওয়া হচ্ছে—এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে একই দিনে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বহাল থাকবে। তবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিভাগ রাখা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে পর্যালোচনা অব্যাহত রয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উচ্চশিক্ষায় বিষয়ভিত্তিক চাহিদা, কর্মসংস্থানের সুযোগ এবং শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনায় নতুন কিছু বিষয় সংযোজনের চিন্তাভাবনা থাকলেও প্রচলিত গুরুত্বপূর্ণ মানবিক বিভাগের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।