স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যে কোনো ব্যক্তি ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধা দেবে না।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকায় আওয়ামী লীগ-এর পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। তবে ব্যক্তি হিসেবে যে কোনো নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবেন।
ব্রিফিংয়ে তিনি দেশের পানি সংরক্ষণ পরিকল্পনা নিয়েও কথা বলেন। উপদেষ্টা জানান, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণ করে বর্ষা মৌসুমে আসা পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে তা ব্যবহারের পরিকল্পনা করছে সরকার।
তিনি বলেন, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এবং বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এ প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা রাখে। তবে কোনো বন্ধুপ্রতিম দেশ সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও উন্মুক্ত রাখা হবে।
সীমান্তে পুশইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশকে চাপে রাখার উদ্দেশ্যে ভারত থেকে পুশইন করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এসব ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন। তবে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২ জুন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার কাজ করছে।
এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।