বাংলাদেশ থেকে আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় জনশক্তি রপ্তানির সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে রুশ কর্তৃপক্ষ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী রাশিয়া-তে বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। এ সংখ্যা আগামী বছরে এক লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপন করা হলে তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়। উভয় পক্ষ শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মস্কো সফর করে। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও অংশ নেন।
সফরকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতৈক্যে পৌঁছায়।
বৈঠক শেষে সের্গেই লাভরভ বাংলাদেশি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে দুই দেশের প্রতিনিধিরা অনানুষ্ঠানিক পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। উভয় দেশই ভবিষ্যতে এই সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
সংশ্লিষ্টদের মতে, গত সাত বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশ থেকে এত উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক আলোচনার জন্য রাশিয়া আমন্ত্রণ জানিয়েছে। এ সফরকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্ব এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।