অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিএনপির র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, স্বাস্থ্য খাতে অবনতির ফলে বর্তমানে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে এবং এর কারণে শিশুদের প্রাণহানির ঘটনা ঘটছে।
তিনি বর্তমান নির্বাচিত সরকারকে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান। পাশাপাশি হাম মোকাবেলায় সরকারের তড়িৎ পদক্ষেপ নেওয়ারও তাগাদা দেন বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, বিশ্বজুড়ে টিকাবিরোধী অপপ্রচার ও কুসংস্কার ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এসব অপপ্রচার ও কুসংস্কার মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।