কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস ২০ দিন বয়সী আইজা নামের আরও এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল চারজনে।
মৃত ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে হাম উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। সে গত চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। অপরদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৩০ মার্চ আইজা নামের শিশুটিকে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশু মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় এখন পর্যন্ত ৩২০ জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩০ জন। আক্রান্তদের মধ্যে ৫ থেকে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ক্রমেই বাড়তে থাকা সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনায় কুষ্টিয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।