কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১২ মাইল সাহার তেল পাম্প নামক স্থানে খড়ি (কাঁকড়া) বোঝাই একটি টলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রূপচাঁদ (পাগলু), বয়স ৩৫ বছর। তিনি ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর ১০ মাইল ওয়াহেদপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রূপচাঁদ ১২ মাইল বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে করে চরে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। মহাসড়কের ১০ মাইল এলাকায় যাওয়ার সময় রাস্তার পাশে থেমে থাকা খড়ি বোঝাই কাঁকড়া টলিটি হঠাৎ রাস্তায় উঠে আসে। এতে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় রূপচাঁদ মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা থানা স্বাস্থ্য কমপে-ক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিএনজি চালক সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, ভোরে ১০ মাইল এলাকায় খড়ি বোঝাই কাঁকড়া টলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রূপচাঁদ নামে একজন নিহত হয়েছেন।
দুর্ঘটনাস্থল থেকে সিএনজি ও টলি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। দাফন সম্পন্ন হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আইনি কার্যক্রম্প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সড়কের পাশে থেমে থাকা যানবাহনের অবস্থান এবং হঠাৎ রাস্তায় উঠে আসার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানান, এই মহাসড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে, যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষের আরও কঠোর তদারকি ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।