কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতা শহরের দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতেই মরদেহ হাসপাতালেই রাখা হবে। শনিবার ভোরে সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়া হবে মরদেহ। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরে তার স্ত্রীও মেডিকেল ভিসায় ভারতে যোগ দেন। পরিবার-পরিজনসহ সেখানেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।
রাজনৈতিক জীবনে তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।