কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাটাখালী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নূর (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৩৫ মিনিটে চকরিয়া-বদরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর পৌরসভার উত্তর কাহারিয়া ঘোনা খন্দকার পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ শরীফ ও রোজিনা আক্তারের ছেলে। সে স্থানীয় চকরিয়া গ্রামার স্কুলের ৬ষ্ট শ্রেনীর ছাত্র ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে টমটমযোগে স্কুলে যাচ্ছিল নূর। পথিমধ্যে বাটাখালী এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত চলন্ত টমটম থেকে সড়কে পড়ে যায় সে। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয় নূর। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চকরিয়া থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম রাজা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও জড়িত চালককে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, স্কুলে যাওয়ার পথে সন্তানের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক ও ক্ষোভ। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।