গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর এনেছে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটে যুক্ত হতে যাচ্ছে এমন একটি ফিচার, যা স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ও বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করে দেবে। ফলে ওয়েব ব্রাউজিং হবে আরও স্বচ্ছন্দ ও মনোযোগী।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, ব্যবহারকারী যদি কোনো ওয়েবসাইটের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ না রাখেন বা ইন্টারঅ্যাকশন না করেন, তবে ক্রোম নিজে থেকেই সেই সাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল করবে। এতে করে ব্রাউজার ব্যবহারের সময় অপ্রয়োজনীয় পপ-আপ বা অ্যালার্টের ঝামেলা অনেকটাই কমে যাবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারটি ক্রোমের বিদ্যমান ‘সেইফটি চেক (Safety Check)’ ফিচারের মতো কাজ করবে এবং ধীরে ধীরে এটি অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ—উভয় সংস্করণেই চালু করা হবে। ব্যবহারকারীরা চাইলে ক্রোমের সেটিংস থেকে এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বন্ধ রাখার সুবিধাও পাবেন।
গুগলের অভ্যন্তরীণ গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা প্রাপ্ত নোটিফিকেশনের এক শতাংশেরও কমের প্রতি সাড়া দেন। ফলে অপ্রয়োজনীয় নোটিফিকেশন কমে গেলে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ বার্তা ও কার্যকর তথ্যের ওপর আরও মনোযোগ দিতে পারবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।