
প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দিবসটিকে সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোর তালিকায় সর্বোচ্চ গুরুত্বের ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। পাশাপাশি দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে দিবসটির তালিকাভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এর মাধ্যমে জাতীয় দিবসের তালিকায় সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাসসের খবরে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, দীর্ঘ সময় পর সরকার আবারও ৭ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিগত ১৬ বছর এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালিত হবে এবং দিনটিতে সরকারি ছুটি থাকবে।
এদিকে একই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে। তবে এ দিবসে সরকারি ছুটি থাকবে না বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park