
২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া দেশের সব শিল্প-কারখানা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ওই সময়ের পর যেসব শিল্প-কারখানা কার্যক্রম বন্ধ করেছে, সেগুলোকে দ্রুত পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় উন্নয়ন বাজেটে এআইআইবি সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি পরিবেশজনিত যেসব প্রকল্প দেশে চলমান রয়েছে, সেগুলোতেও সংস্থাটি আর্থিক সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ী নেতারা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেছেন তারা।
তিনি বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে। এ অবস্থায় ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন, যাতে বিমানবন্দরের জটিলতা ছাড়াই বিদেশি উদ্যোক্তারা সহজে বাংলাদেশে আসতে পারেন।
অর্থমন্ত্রী আরও জানান, ব্যবসায়ী নেতারা ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স গ্রহণ প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তারা।
আমদানি-রফতানি ও সামগ্রিক বাণিজ্য গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে এসেছে বলে জানান অর্থমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park