
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশে বলা হয়, চার সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে শাকসু নির্বাচনে কোনো বাধা নেই।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন। রিটে দাবি করা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করেছে। এই অবস্থায় শাকসু নির্বাচন আইনসঙ্গত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল।
রিটে আরও উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচন সামনে থাকায় ছাত্র সংসদ নির্বাচন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাতে ব্যস্ত হতে হবে এবং এর প্রভাব জাতীয় নির্বাচনের ওপর পড়তে পারে।
শাবিপ্রবির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিটকারী আইনজীবী জানান, জাতীয় নির্বাচন হয়ে গেলে শাকসু নির্বাচন আয়োজন করতে কোনো বাধা নেই।
দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park