
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে ভিড়েছে।
জাহাজটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকেই অকটেন খালাস কার্যক্রম শুরু হবে। চলতি এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান হিসেবে বন্দরে এসেছে।
এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সব মিলিয়ে এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দেশের দৈনিক প্রায় ১২০০ টন চাহিদা অনুযায়ী দুই মাসেরও বেশি সময়ের জ্বালানি চাহিদা পূরণে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে ইতোমধ্যে তেল খালাস শুরু করেছে।
তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব নয়। পাশাপাশি আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাস কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park