
বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকার সমান। এই সহায়তা সরাসরি রেডক্রসের কাছে প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে ইইউ জানায়, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে যেসব পরিবার আর্থিক সংকটে পড়েছে, তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষ করে যেসব পরিবার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইইউ জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের মানুষ এই সহায়তার মাধ্যমে উপকৃত হবে। রেডক্রস এই অর্থ ব্যবহার করে চলমান টিকাদান কার্যক্রম আরও জোরদার করবে এবং হাম প্রতিরোধ কার্যক্রমকে শক্তিশালী করবে।
সহায়তার অংশ হিসেবে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত ব্যয় এবং অসুস্থ স্বজনের সেবা করতে গিয়ে যাদের আয় বন্ধ হয়ে গেছে, তাদের নগদ অর্থ দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে ইইউ আরও জানায়, তারা বাংলাদেশের অন্যতম বড় দাতা সংস্থা। শুধুমাত্র ২০২৬ সালেই তারা মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংস্থাকে ২৩ মিলিয়ন ইউরো দিয়েছে। এর মধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো এবং দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে দেওয়া হয়েছে ৭ মিলিয়ন ইউরো।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park