
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের হামের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি বেশি সংক্রামক জেলার ৩০ উপজেলার শিশুদের হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই ৭৬ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং ৯৬ শতাংশ সফলতা অর্জন করা গেছে। আল্লাহর রহমতে এর প্রকোপ কমে আসছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিগত দুই আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা সংগ্রহে যে সংকট সৃষ্টি হয়েছিল, তা ২০২০ সালের পর থেকে আরও প্রকট হয়ে দেখা দিয়েছিল। এর ফলে হাম মহামারি আকার নিয়েছিল। তবে প্রধানমন্ত্রীর গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কার্যক্রমটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হবে। পুরো দেশে ৩ মে থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং প্রতিদিন জনগণের পাশে থেকে কার্যক্রম চালানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন, হামের টিকা সংগ্রহ করা হচ্ছে শুধুমাত্র ইউনিসেফের মাধ্যমে, অন্য কোনো ফার্মের কাছ থেকে টিকা কেনা হচ্ছে না।
স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়েও মন্তব্য করে তিনি বলেন, “স্বাস্থ্য খাতের কেনাকাটায় মারপ্যাঁচ আছে। আমরা চাই, দুর্নীতি ১০০ শতাংশ নির্মূল করা হোক। নৈতিকতার উন্নতি ছাড়া স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। অনেক কোম্পানির ওষুধে উপাদানের ঘাটতি থাকলেও বাজারে পাওয়া যায়, আবার অনেক ভালো কোম্পানিকে নানা কারণে আটকে রাখা হয়। খাতের উন্নয়নে স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি ও প্রশাসনের সবাইকে এগিয়ে আসতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park