ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের কাছে অত্যন্ত প্রিয় মুখ। তার হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার জন্য বহু মানুষ তাকে অনুরোধ করেছিলেন।
আসিফ নজরুল জানান, তিনি সরকারে দায়িত্বে থাকা অবস্থায় এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগের কথা বলেছিলেন এবং আশা করেছিলেন সরকারের মেয়াদকালেই বিচার সম্পন্ন হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখনো মামলার বিচার শুরু করা সম্ভব হয়নি।
তিনি বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। কিন্তু মামলার বাদী ওই অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন করেন। এ ধরনের ক্ষেত্রে আদালতের পক্ষে সরাসরি অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন নয় বলে মনে করা হয়।
ফলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য Criminal Investigation Department (সিআইডি)-কে নির্দেশ দেয়। বর্তমানে সেই তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় মামলার বিচার কার্যক্রমও শুরু করা যায়নি।
আসিফ নজরুল আরও বলেন, সিআইডি তদন্ত শেষ করে নতুন করে অভিযোগপত্র জমা দিলে এবং তাতে আর কোনো নারাজি আবেদন না এলে বিচার কার্যক্রম শুরু হতে পারে। তবে তদন্তে ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে আবারও নারাজি আবেদন উঠতে পারে, যা বিচার প্রক্রিয়াকে আরও পিছিয়ে দিতে পারে।
তিনি উল্লেখ করেন, আদালত চাইলে বাদীর নারাজি আবেদন উপেক্ষা করেও বিচার শুরু করতে পারে। কিন্তু সে ক্ষেত্রে বিচার নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।
আসিফ নজরুল বলেন, তদন্ত ও বিচার প্রক্রিয়া অনেক সময় সাধারণ মানুষের ধারণার চেয়ে জটিল হয়। তবে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা থাকলে বিলম্ব কমিয়ে সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা সম্ভব।