
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের চালকের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার রাতে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলটির চালক হিসেবে আলমগীর হোসেনকে চিহ্নিত করা হয়েছে, যার ফেসবুক আইডি ‘মোহাম্মদ আলমগীর শেখ’ নামে পরিচিত।
দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে, আলমগীর হোসেন নিয়মিতভাবে তার ফেসবুক পোস্টে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর জিওট্যাগ ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে থাকা বিভিন্ন ছবি এবং হাদির নির্বাচনী গণসংযোগে গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেনের উপস্থিতি ছিল এবং সেখানে তার চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে। এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেন। গণসংযোগ শেষে তারা একটি মোটরসাইকেলে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গিয়ে হাদির ওপর গুলি চালান। গুলি ছোড়া ব্যক্তিকে আগেই শনাক্ত করা হয়েছে, যার নাম ফয়সাল করিম মাসুদ।
ওই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন গলায় চাদর ঝোলানো কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা এক ব্যক্তি। দ্য ডিসেন্টের বিশ্লেষণে বলা হয়েছে, ভিডিও ও স্থিরচিত্রে চালকের মুখ স্পষ্ট না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু এবং হাতের গড়নের সঙ্গে আলমগীর হোসেনের মিল পাওয়া গেছে। এছাড়া আলমগীরের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে, যেগুলো আরও যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এই ঘটনার পর হাদির ওপর হামলার পেছনের নেপথ্য, জড়িতদের পরিচয় এবং সম্ভাব্য রাজনৈতিক যোগসূত্র নিয়ে দেশজুড়ে আলোচনা ও উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত এগিয়ে নেওয়ার পাশাপাশি এসব অনুসন্ধানী তথ্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park