
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে এবার টোল বা ফি আদায়ের অনুমতি পেতে যাচ্ছে ইরান ও ওমান। দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপির প্রতিবেদনে এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে নির্দিষ্ট পরিমাণ ফি আদায়ের সুযোগ পাবে দুই দেশ। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই ফি থেকে পাওয়া অর্থ ইরান তার পুনর্গঠন কার্যক্রমে ব্যয় করবে।
তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, তিনি সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন। তবে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় তিনি নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেন।
উল্লেখ্য, হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয় দেশেরই আঞ্চলিক অধিকার রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই প্রণালিতে নতুন করে টোল ব্যবস্থা চালু হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park