
ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় স্থল, আকাশ ও সমুদ্রপথে শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি জানান, সশস্ত্র বাহিনীর সব শাখার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইরানের সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো হুমকির জবাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তার ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হুমকির বিরুদ্ধে জনগণের সমর্থন নিয়েই দেশ প্রতিরক্ষা অবস্থান শক্ত করছে।
এদিকে, আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দর ও জাহাজের ওপর নৌ-অবরোধ প্রত্যাহার না করে, তাহলে এই সমুদ্রপথ বন্ধই থাকবে।
এর আগে শর্তসাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ রাখার কথা বলা হলেও নতুন ঘোষণায় অবস্থান কঠোর করেছে তেহরান। পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তু করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park