
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও এবারের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই আচরণবিধি ও পরিচালনা বিধি পরিবর্তনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। তিনি জানান, নির্বাচন কমিশনের লক্ষ্য কেবল একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে ধরনের একটি নির্বাচন সংস্কৃতি প্রতিষ্ঠা করা।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি তীব্র হয় এবং কখনো কখনো একই পরিবার কিংবা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
এ কারণে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের নিরপেক্ষ অবস্থান তুলে ধরে সিইসি বলেন, তিনি সবসময় আইন-কানুনের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। অনেক বড় নেতা ফোনে কথা বলতে চাইলেও তিনি অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছেন। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা এবং আইন মেনে চলাকেই তিনি সবচেয়ে বড় বিষয় বলে মনে করেন। কারণ, দিনশেষে সবাইকে সৃষ্টিকর্তার কাছে চূড়ান্ত জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, কোনো নির্দিষ্ট ডিজাইন ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park