
চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত মোট ২৫ হাজার ৩৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।
এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস পরিচালনা করেছে ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।
বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরবে গেছেন ৯ হাজার ৯৫১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে গেছেন ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে গেছেন ৬ হাজার ৮৬৫ জন।
এদিকে বুলেটিনে আরও জানানো হয়েছে, বুধবার মক্কায় একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে সৌদি আরবে গিয়ে মোট দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park