সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া (চাইরগাঁও) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে সোনালী চেলা নদীর ভারতীয় অংশে প্রবেশ করে বালু উত্তোলনের সময় বিএসএফ সদস্যরা ওই দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন ছাতক উপজেলার বাসিন্দা মো. সিরাজ মিয়া (৫০) ও মো. আলিমুদ্দিন (২৫)। তারা পেশায় বালু পরিবহন শ্রমিক (বারকি)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের কাছাকাছি বালু উত্তোলনের একপর্যায়ে দুই শ্রমিক ভারতের সীমানায় প্রবেশ করলে বিএসএফ বাধা দেয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে শ্রমিকদের পক্ষ থেকে বিএসএফকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পরে বিএসএফ সদস্যরা দুইজনকে ধরে তাদের নিজ দেশের চেলা বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সিলেট বিজিবির আওতাভুক্ত।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। দুই বাংলাদেশি ভারতের সীমানায় প্রবেশ করে বালু উত্তোলনের সময় বিএসএফ তাদের আটক করে। পরে দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং কূটনৈতিকভাবে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park